
নিউজ ডেস্কঃ বাংলাদেশের জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ইসলামকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া। মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাপ আয়োজিত স্মরণ সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ দাবি জানান।
গোলাম মোস্তফা বলেন, কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির সাংবিধানিক স্বীকৃতি না দিয়ে বাংলাদেশের প্রায় সব শাসকগোষ্ঠী জাতির সঙ্গে প্রতারণা করছে। আমাদের বিশ্বাস বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করবেন। জাতীয় কবি হিসেবে সাংবিধানিক স্বীকৃতি আজ সময়ের দাবি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে সরকার জাতীয় কবিকে সাংবিধানিক স্বীকৃতি দেবেন বলে আমাদের বিশ্বাস। বাংলাদেশ ন্যাপ ভাইস চেয়ারম্যান কাজী ফারুক হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, ন্যাপ যুগ্ম মহাসচিব মো. নুরুল আমান চৌধুরী, মো. আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, সহ-সম্পাদক অ্যাডভোকেট আবদুস সাত্তার, ঢাকা মহানগর যুগ্ম সম্পাদক মো. শামিম ভুইয়া, শ্রম সম্পাদক মো. হাবিবুর রহমান প্রমুখ।