
নিউজ ডেস্কঃ দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষায় ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করার আহ্বান জানিয়েছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতারা। সোমবার (২৬ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে ২০০৬ সালে দিনাজপুরের ফুলবাড়ীতে আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এ আহ্বান জানান তারা। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ঢাকা মহানগরের সমন্বয়ক জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক মোশাররফ হোসেন নান্নু প্রমুখ।
জুলফিকার আলী বলেন, আমাদেরকে লড়াই করে বেঁচে থাকতে হবে। ফুলবাড়ী আমাদের সেই শিক্ষাই দিয়েছে। আমাদের অধিকার অক্ষুন্ন রাখার জন্য লড়াই অব্যাহত রাখতে হবে। সমাবেশের পূর্বে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা ফুলবাড়ী আন্দোলনে নিহতদের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।