
নিউজ ডেস্কঃ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রোহিঙ্গাদের বিভিন্ন কর্মকাণ্ডে স্থানীয়রা বিরক্ত, সেটা বিক্ষোভে রূপ নিলে পরিস্থিতি জটিল হবে। তিনি বলেন, স্থানীয় জনগণ রোহিঙ্গাদের যেভাবে আশ্রয় দিয়ে গ্রহণ করেছিল। এখন স্থানীয় জনগণ সংখ্যালঘু হয়ে গেছে। কারণ রোহিঙ্গারা নানা অপরাধের সঙ্গে যুক্ত হচ্ছে, তাদের নানা কর্মকাণ্ডে স্থানীয়রা বিরক্ত। এ বিরক্ত যদি বিক্ষোভে রূপ নেয় তাহলে বিষয়টি জটিল হবে। সোমবার (২৬ আগস্ট) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষ বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ যেভাবে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে তা সমগ্র বিশ্বে সমাদৃত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দিয়েছিল। তাদের অবশ্যই দীর্ঘ মেয়াদে এখানে থেকে যাওয়ার জন্য দেওয়া হয়নি। যেহেতু মানবিক কারণে আশ্রয় দেওয়া হয়েছে। সেখানে ঠেলে তাদের মিয়ানমারে পাঠাতে পারি না। রোহিঙ্গাদের মধ্যে অবশ্যই আস্থা ফিরিয়ে আনতে হবে। আস্থা ফিরিয়ে আনতে মিয়ানমারকেই কাজ করতে হবে। সেজন্য সরকার কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক মহল থেকেও মিয়ানমারকে অব্যাহতভাবে চাপ প্রয়োগ করছে। আশা করছি দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে।