News71.com
 Bangladesh
 26 Aug 19, 11:07 AM
 96           
 0
 26 Aug 19, 11:07 AM

দেশে ওয়ান ইলেভেনের হাওয়া এখনও চলছে॥মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশে ওয়ান ইলেভেনের হাওয়া এখনও চলছে॥মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ওয়ান ইলেভেনে দেশে যে চক্রান্ত-ষড়যন্ত্র হয়েছিল, সেই হাওয়া এখনও চলছে। আজ রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের হলরুমে ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন। ফখরুল বলেন, এই সরকার গণতান্ত্রিক সমাজ তছনছ করে দিয়েছে। একদলীয় শাসন অঘোষিত বাকশাল প্রতিষ্ঠার সব ব্যবস্থা করে ফেলেছে। ৭৫ সালে সংসদে ঘোষণা দিয়ে বাকশাল প্রতিষ্ঠা করেছিল, আজ বাকশাল করছে ঘোষণা না দিয়ে। তিনি বলেন, আজ আমাদের নেত্রী কারাগারে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাসনে। এ ধরনের একটি জটিল, সংকটময় মুহূর্তের মধ্যদিয়ে বিএনপিকে ঐক্যবদ্ধ রেখে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি। এ সংকটময় মুহূর্তে দলকে ঐক্যবদ্ধ রাখাটাই একটা বড় চ্যালেঞ্জ।


আওয়ামী লীগ সারা দেশে লুটের রাজত্ব কায়েম করেছে দাবি করে তিনি বলেন, যেখানে যাবেন, সেখানেই দেখবেন আওয়ামী লীগের লোকেরা লুটপাট ছাড়া আর কিছু করছে না। তিনি আরও বলেন, ঐক্যর কোনো বিকল্প নেই। দল, মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে। ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে দেশনেত্রীকে মুক্ত করে আনতে হবে। দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমদ। বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, যুবদল সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন