
নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক মামলার কার্যক্রম স্থগিত চেয়ে আপিল বিভাগের আদেশ পুর্নবিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদন খারিজ করা হয়েছে। রোববার (২৫ আগস্ট) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। ফলে এ মামলায় বিচারিক আদালতে সাক্ষ্য নেওয়া চলমান থাকবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। ব্যারিস্টার মওদুদ আহমদ নিজের পক্ষে শুনানি করেন।
পরে আইনজীবী খুরশীদ আলম খান জানান, এ মামলা ঢাকার একটি আদালতে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। অনেকগুলো সাক্ষীর সাক্ষ্যগ্রহণও হয়ে গেছে। এর মধ্যে ৩১ মার্চ ওনার (মওদুদ আহমদ) একটি পিটিশনের অনুলিপি পেয়েছি। যেখানে তিনি বলছেন- হাইকোর্টে তার ট্যাক্স বিষয়ে মামলা রয়েছে। সেগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ মামলার কার্যক্রম বন্ধ রাখতে। এই মামলায় গেল বছরের ২১ জুন মওদুদ আহমদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। দুদকের আইনজীবী জানান, ইতোমধ্যে ৪৫ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে।