
নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, আওয়ামী লীগ সরকার জনগণের ভাগ্যোন্নয়নের রাজনীতি করে। বিএনপি-জামায়াতের মতো নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটানোর রাজনীতি শেখ হাসিনার সরকার করে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতি হলো গরীব-দুঃখী মানুষের পাশে থাকার রাজনীতি। তিনি মৃত্যুর ভয় করেন না। তিনি সব ধরনের বাধা অতিক্রম করে জনগণের জন্য কাজ করতে চান এবং সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছেন। শনিবার (২৪ আগস্ট) দুপুরে রাজশাহী জেলার চারঘাট উপজেলার মেরামতপুর (কাকড়ামারী) থেকে পিরোজপুর পদ্মা নদী পর্যন্ত ২ দশমিক ১০ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, জোট সরকারের আমলে কৃষকরা সারের জন্য জীবন দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পরপরই সেই কৃষককে বিনামূল্যে সার, বীজ ও কৃষি উপকরণ দেওয়া হয়েছে। কৃষকের জন্য ভর্তুকি দিয়েছে। কারণ তিনি জানেন কৃষক বাঁচলেই বাংলাদেশকে এগিয়ে নেওয়া যাবে। পদ্মা সেতু প্রকল্পের কাজ শুরু হওয়ার আগেই গুজব উঠেছিল এখানে দুর্নীতি হচ্ছে। অথচ বাংলাদেশের নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতুর কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।