News71.com
 Bangladesh
 24 Aug 19, 06:52 PM
 125           
 0
 24 Aug 19, 06:52 PM

রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এমন ২১ আগষ্টের মত জঘন্যতম হত্যাকাণ্ড বিশ্বে বিরল॥ স্পিকার ড. শিরীন শারমিন

রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এমন ২১ আগষ্টের মত জঘন্যতম হত্যাকাণ্ড বিশ্বে বিরল॥ স্পিকার ড. শিরীন শারমিন

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ২১ আগস্টের নৃশংস গ্রেনেড হামলার কথা উল্লেখ করে বলেছেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এমন জঘন্যতম পরিকল্পিত হত্যাকাণ্ডের নজির বিশ্বে বিরল। আজ শনিবার রাজধানীর বাংলাদেশ মহিলা সমিতির আইভি রহমান মিলনায়তনে আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক বেগম আইভি রহমানের ১৫তম মৃত্যু বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করে জাতিকে নেতৃত্ব শূন্য করতেই সংগঠিত করা হয়েছিল। সেই হামলায় আইভি রহমানসহ আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মী নিহত হয়েছিলেন। স্পিকার বক্তব্যের শুরুতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের সকল শহীদের এবং একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, নারীদের রাজনীতিতে আসার পথটা মসৃণ ছিল না। কিন্তু আইভি রহমান সারাজীবন নারীদের রাজনীতিতে এগিয়ে নিতে কাজ করে গেছেন। তিনি আন্দোলন সংগ্রামের পাশাপাশি গঠনমূলক কাজও করেছেন, যাতে নারীরা নিজেদের প্রতিষ্ঠার মাধ্যমে এগিয়ে যেতে পারেন। আইভি রহমান নারীদের নিকট অনুকরণীয় হয়ে থাকবেন। তিনি আরও বলেন, আইভি রহমান নেতৃত্বের মাধ্যমে আওয়ামী লীগ দলকে সুসংগঠিত করেছেন, নারীদের ঐক্যবদ্ধ এবং এগিয়ে নিয়ে গেছেন। তার কর্মময় জীবন বিশ্লেষণ করলে দেখা যায় তিনি নারী মুক্তি ও নারী কল্যাণে আজীবন কাজ করে গেছেন।


এ সময় স্পিকার মহীয়সী নারী আইভি রহমানের আদর্শকে ধারণ করে নারীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে নারীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নারীদের অগ্রগতি দৃশ্যমান। তিনি আইন ও নীতিমালা প্রণয়ন করে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করেছেন। বেগম আইভি রহমান মৃত্যু বার্ষিকী পালন কমিটি গ্রেনেড হামলায় নিহত নারী জাগরণের অগ্রদূত প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সহধর্মিণী বেগম আইভি রহমানের মৃত্যু বার্ষিকীর এ আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ও সভাপতিমন্ডলীর অপর সদস্য অ্যাড. সাহারা খাতুন এবং পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। বেগম আইভি রহমান মৃত্যু বার্ষিকী পালন কমিটির সভাপতি এম. এ করিমের সভাপতিত্বে আলোচনা সভায় জাকিয়া পারভীন খানম, ডেপুটি এটর্নি জেনারেল অ্যাড. শেখ মো. সিরাজুল ইসলাম, স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী জিন্নাহ, স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এবং কমিটির সদস্য সচিব মশিউর আহমেদ বক্তব্য রাখেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন