
নিউজ ডেস্কঃ ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ডদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৮টায় রাজধানীর বনানী কবরস্থানে আওয়ামী মহিলা লীগের সাবেক সভাপতি আইভি রহমানের ১৫তম শাহাদতবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের সংগ্রামে আইভি রহমান ছিলেন আপসহীন। তিনি ছিলেন বাংলাদেশের রাজনীতিতে নারীদের একজন নক্ষত্র। তিনি বলেন, গ্রেনেড হামলায় আইভি রহমান রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছিলেন। কিন্তু সময়মতো চিকিৎসা পাননি। চিকিৎসায় বিলম্ব না হলে হয়তো তিনি বেঁচে যেতেন।
গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে জানিয়ে কাদের বলেন, মাস্টারমাইন্ডদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আদালতে আপিল করা হবে। তারেক রহমানকে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া চলছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, সরকার তাকে ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা করছে। এ ব্যাপারে আইন মন্ত্রণালয় কাজ করছে। রাজনৈতিক বাধা ও চ্যালেঞ্জ অতিক্রম করেই এগিয়ে যাচ্ছি আমরা। তাই অপরাধীদের মাস্টারমাইন্ডদের বিচার হওয়া দরকার।