News71.com
 Bangladesh
 22 Aug 19, 10:57 AM
 113           
 0
 22 Aug 19, 10:57 AM

দুদকের দায়েরকরা ৭০ ভাগ মামলায় অপরাধীদের শাস্তি হচ্ছে॥দুদক চেয়ারম্যান  

দুদকের দায়েরকরা ৭০ ভাগ মামলায় অপরাধীদের শাস্তি হচ্ছে॥দুদক চেয়ারম্যান   

নিউজ ডেস্কঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা প্রায় ৭০ ভাগ মামলায় অপরাধীদের শাস্তি হচ্ছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেছেন, তদন্তের ক্ষেত্রে কমিশনের সক্ষমতা এখনও কাঙ্খিত মাত্রায় পৌঁছায়নি। কমিশন শতভাগ মামলায় অপরাধীদের শাস্তি প্রত্যাশা করে। গতকাল বুধবার জাতিসংঘ উন্নয়ন তহবিলের (ইউএনডিপি) প্রতিনিধি ফিলিয়াট ম্যাটসেজার নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে তিনি এসব তথ্য জানান। দুদক চেয়ারম্যান বলেন, তদন্তের ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধিতে কমিশন নানা ধরনের উদ্যোগ নিয়েছে। গত তিন বছরে কমিশন প্রায় তিন হাজার কর্মকর্তাকে একাধিক বিষয়ে একাধিক বার প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। এক্ষেত্রে ইউএনডিপিসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা টেকনিক্যাল সহযোগিতার সুযোগ রয়েছে।


দুদক চেয়ারম্যান বলেন, দুদক দুর্নীতি দমন, প্রতিরোধ ও নিয়ন্ত্রণের সকল কার্যক্রম সমগুরুত্বে পরিচালনা করছে। প্রতিকারমূলক কার্যক্রমের ফলাফল স্বয়ংক্রিয়ভাবেই প্রতিরোধমূলক কার্যেই পরিগণিত হয় বলে অনেকেই মনে করেন। কারণ দুর্নীতির অভিযোগ তদন্ত এবং প্রসিকিউশনের মাধ্যমে অপরাধীদের শাস্তি হলে তা দুর্নীতি প্রতিরোধেও বিশেষ ভূমিকা রাখে। তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে কমিশন বহুমাত্রিক কার্যক্রম পরিচালনা করছে। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক মূল্যবোধে জাগ্রত করার লক্ষ্যে দেশের স্কুল, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ২৮ হাজার ‘সততা সংঘ’ গঠন। এছাড়া দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা, উপজেলা, নগর-মহানগর পর্যায়ের স্বচ্ছ এবং সৎ মানুষদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন