
নিউজ ডেস্কঃ রাজধানীর গুলিস্তানে তুলা ভর্তি ট্রাক থেকে ১১শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় ট্রাক চালক সিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফাইজুল ইসলাম জানান, গোপন সংবাদে জানা যায়, সীমান্ত এলাকা থেকে যাত্রাবাড়ী হয়ে বিশেষ কায়দায় ট্রাকে করে মাদকের চালান রাজধানীতে আনা হচ্ছে। এ তথ্যে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গুলিস্তান বাসস্ট্যান্ড মসজিদের পাশে চেকপোস্ট স্থাপন করা হয়। পরবর্তীতে সন্দেহভাজন ট্রাকটি আসলে থামার সঙ্কেত দেয়া হয়। কিন্তু ট্রাকটি না থেমে পালানোর চেষ্টা করে। পালানোর সময় ট্রাকটি (যশোর ট ১১-৩৬১৭) আটক করা হয়। পরে তল্লাশি করে তুলার বস্তার আড়ালে লুকানো ১১শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাক চালককে গ্রেফতার করা হয়।