
জাবি প্রতিনিধি: ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের ফাঁসি কার্যকরের দাবিতে প্রতীকী ফাঁসির কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগ। বুধবার (২১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মহুয়া তলায় এ প্রতীকী কর্মসূচি পালন করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে গ্রেনেড হামলায় জড়িত তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, আবদুস সালাম পিন্টু ও হারিস চৌধুরীকে প্রতীকী ফাঁসি দেয়া হয়। এর আগে বেলা বারোটায় পরিবহন চত্ত্বর থেকে শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানার নেতৃত্বে কালো পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহুয়া তলায় শেষ হয়। প্রতীকী ফাঁসির মঞ্চের পাশে দাঁড়িয়ে শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন, ‘২০০৪ সালের এই ২১ আগস্টে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মধ্যদিয়ে দেশকে অন্ধকারে পতিত করার চেষ্টা করা হয়। ভয়াল এই হামলার সাথে তখনকার বিএনপি-জামায়াত জোট সরকার জড়িত ছিল। হামলায় জড়িতদের শাস্তি কার্যকরের জোর দাবি জানান তিনি।’ এ সময় শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিল।