News71.com
 Bangladesh
 21 Aug 19, 07:15 PM
 107           
 0
 21 Aug 19, 07:15 PM

জাবিতে অতিরিক্ত ভর্তি আবেদন ফি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

জাবিতে অতিরিক্ত ভর্তি আবেদন ফি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

জাবি প্রতিনিধি:  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৯-২০ সেশনের ভর্তি ফরমের অতিরিক্ত ফি আদায়কে 'অর্থ ডাকাতি' আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার (২১ আগস্ট) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে পুরাতন রেজিস্ট্রার ভবনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে সংহতি প্রকাশ করেন জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতা কর্মীরা।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাবি শাখার যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন শিশির বলেন, ' বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের বিষয়ে একজন শিক্ষার্থীর আবেদন করতে ২৪০০ টাকার মতো লাগবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিয়ম অনুযায়ী ভর্তি পরীক্ষার ফরম বিক্রি বাবদ আয়ের ৪০ শতাংশ টাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের জন্য তহবিলে রাখতে বলা হয়েছে। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্বৃত্ত ৯ কোটি টাকা নিজেরাই ভাগ বাটোয়ারা করে নেন, এটা স্পষ্টত ডাকাতি।'
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ সেশনে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদনে বি, সি, ডি এবং ই ইউনিটের ভর্তি ফরমের মূল্য গত বছরের চেয়ে ৫০ টাকা বাড়িয়ে ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সি১, এফ, জি, এইচ এবং আই ইউনিটের ফরমের মূল্যও ৫০ টাকা বৃদ্ধি করে ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন