
নিউজ ডেস্কঃ ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর তিন দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন। আজ বুধবার সকালে তিনি ঢাকা ত্যাগ করেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে বিদায় জানান বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ। এ সময় দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীও উপস্থিত ছিলেন। ঢাকা ছাড়ার পর এক টুইট বার্তায় ড. জয়শঙ্কর বলেন, আমি ঢাকা ত্যাগ করছি। ঢাকা সফরের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে। আমাকে অভ্যর্থনা জানানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ। আমাদের সম্পর্ক ইতিবাচকভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তিন দিনের সফরে গত ১৯ আগস্ট ঢাকায় আসেন এস জয়শঙ্কর।