
নিউজ ডেস্কঃ বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ২২০ জন যাত্রীকে জরিমানা করেছেন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার (১৯ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের বিভিন্ন স্টেশনে দুইটি আন্তঃনগর ট্রেনে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিএস) শওকত জামিল মোহশী সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, তার নেতৃত্বে আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ও করতোয়া এক্সপ্রেস ট্রেনে বিশেষ টিকিট চেকিং অভিযান চালিয়ে বিনা টিকিটে ভ্রমণের দায়ে ২২০ জন যাত্রীর কাছ থেকে জরিমানাসহ ৮৩ হাজার ৪শ’ টাকা ভাড়া আদায় করা হয়। এ সময় ট্রেনের ছাদের উপরে ভ্রমণ করা যাত্রীদেরও নামিয়ে দেওয়া হয়।আগামী দিনেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান রেলওয়ের এ কর্মকর্তা।