
নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে। এ অবস্থা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (১৯ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ ও লাইন ডিরেক্টর (কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল) বিভাগের পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা এ কথা বলেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালে মোট রোগীর সংখ্যা ৭ শতাংশ ও ঢাকার বাইরের রোগীর সংখ্যা ৫ শতাংশ কমেছে। আক্রান্তদের সংখ্যার সূচকে নিম্নগতি পর্যবেক্ষণ করেছি। আশা করছি এই নিম্নগতি অব্যাহত থাকবে।
স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের সমন্বিত প্রচেষ্টা ও জনসচেতনতার কারণে এই সংখ্যা কমেছে বলে মনে করেন ডা. সানিয়া। তিনি জানান, গতকাল রোববার (১৮ আগস্ট) সকাল ৮টা থেকে আজ সোমবার (১৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সারাদেশে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৬১৫ জন। এর মধ্যে ৭৫৭ জন ঢাকায় ও ৮৫৮ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। ডা. সানিয়া তাহমিনা বলেন, সকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দেশের সকল ডিরেক্টর ও লাইন ডিরেক্টরের উপস্থিতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিভিল সার্জন ও ইউএইচএফপিও-দের ডেঙ্গুর প্রতিকার, প্রতিরোধ ও ব্যবস্থাপনা বিষয়ক নানা নির্দেশনা দেন।