
নিউজ ডেস্কঃ সাংবাদিক ছাড়া সংবাদপত্রের (গণমাধ্যমের) মালিকরা অস্তিত্বহীন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সংবাদপত্রের সাংবাদিক ও কর্মচারীদের বেতন কাঠামো নির্ধারণে গঠিত নবম ওয়েজ বোর্ডের চূড়ান্ত গেজেট (প্রজ্ঞাপন) প্রকাশে স্থিতাবস্থা জারি করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানিতে আজ সোমবার তিনি এ মন্তব্য করেন। শুনানি শেষে আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে আদেশ দেবেন বলে ঠিক করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে আজ সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আজ রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ ও মো: ইউসুফ আলী। শুনানিতে প্রধান বিচারপতির সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ‘সাংবাদিক ছাড়া আপনাদেরও (মালিক পক্ষের) অস্তিত্ব (এক্সিসটেন্স) নাই।’