
নিউজ ডেস্কঃ নিখোঁজ সন্তান মিনহাজকে (১৮) ফিরে পেতে আকুতি জানিয়ে দ্বারে দ্বারে ঘুরে ফিরছেন তাঁর বাবা-মা ও স্বজনরা।গতকাল রোববার দুপুরে ফরিদপুর জেলা শহরের শাপলা সড়কের একটি হলরুমে নিখোঁজ সন্তানকে ফিরে পেতে সাংবাদিকদের সহায়তা চান নিখোঁজ মিনহাজের বাবা মো. বেলায়েত হোসেন ফেরদৌস ও মা রানু বেগম। এ সময় তাঁরা ছেলেকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর কাছে সহায়তা কামনা করেছেন।
মিনহাজের বাবা বেলায়েত হোসেন ফেরদৌস লিখিত বক্তব্যে বলেন, ‘চলতি বছর সরকারি রাজেন্দ্র কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন মিনহাজ। এর পর তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ঢাকার ইউসিসি কোচিংয়ের ফার্মগেট শাখায় ১১ জুন ভর্তি হন। তিনি ঢাকার পূর্ব রাজাবাজারে তিন বন্ধুর সঙ্গে একটি ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকতেন। ১৬ জুলাই মিনহাজের মোবাইলে ফোন দিলে বন্ধ পাওয়া যায়। ছেলের সঙ্গে যোগাযোগ করতে না পেরে ফ্ল্যাটের দায়িত্বে থাকা জনৈক শুভর মায়ের নম্বরে ফোন দেন। তিনি জানান যে, মিনহাজ সকালে ফরিদপুরে চলে গেছেন। তার পর থেকে মিনহাজকে তাঁরা আর খুঁজে পাচ্ছেন না।