News71.com
 Bangladesh
 19 Aug 19, 10:57 AM
 101           
 0
 19 Aug 19, 10:57 AM

ফুলপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত॥  

ফুলপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত॥   

নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ফুলপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ সময় আরও ৫/৬ জন আহত হয়েছেন। আজ রবিবার সকাল ও দুপুরে এ পৃথক সড়ক দুর্ঘটনা ঘটে। জানা যায়, ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে ফুলপুর উপজেলার হোসেনপুর মোড়ল বাড়ি নামক স্থানে আজ রবিবার দুপুরে ঢাকা থেকে শেরপুরগামী সোনার বাংলা পরিবহণের একটি বাসের সঙ্গে নালিতাবাড়ি থেকে ফুলপুরগামী একটি সিএনজি অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সায়েম (১৫) নামে এক কিশোর মারা যায়। সে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার পলাশিয়া গ্রামের দুদু মিয়ার ছেলে। এ সময় নিহত সায়েমের বাবা দুদু মিয়া (৪৫), মা মনিরা বেগম (৪০), বোন মাফিয়া (৫), গড়কান্দা গ্রামের হাবিবুর রহমান (৪০) ও সুনীল সাহা (৪৫) গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অপরদিকে, একই দিন সকালে ফুলপুর থেকে ঢাকাগামী একটি নোহা গাড়ি (ঢাকা মেট্রো-ত ১১- ৫৪১১) ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছার পর চাকা পাঞ্চর হয়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাম পাশে পথচারী রেজিয়া (৫০) ও রিকশা চালক আনুর (১৬) ওপর গাড়ি উঠিয়ে দেয়। পরে তাদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আনুকে ভর্তি রেখে গুরুতর আঘাতপ্রাপ্ত রেজিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার সকাল ১১টার দিকে রেজিয়া মারা যান। তিনি উপজেলার পাতিলগাঁও গ্রামের মৃত আব্দুর রশিদের স্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন