News71.com
 Bangladesh
 18 Aug 19, 07:29 PM
 160           
 0
 18 Aug 19, 07:29 PM

খালেদা জিয়ার মুক্তির বিষয় আন্তর্জাতিক ফোরামে তোলার সিদ্ধান্ত বিএনপির॥

খালেদা জিয়ার মুক্তির বিষয় আন্তর্জাতিক ফোরামে তোলার সিদ্ধান্ত বিএনপির॥

নিউজ ডেস্কঃ দলের কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গতকাল শনিবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সিদ্ধান্তের কথা জানান। স্কাইপে যুক্ত থেকে বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফখরুল বলেন, আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে আটক রাখা হয়েছে। তিনি অত্যন্ত অসুস্থ। আমরা বার বার চেষ্টা করেও তার সুচিকিৎসার ব্যাপারে সরকারকে রাজি করাতে পারিনি। আইনি লড়াই চালিয়ে গেলে কোর্ট তাকে জামিন দিচ্ছে না। এমন পরিস্থিতিতে আমরা তার স্বাস্থ্য ও তার মুক্তির বিষয়ে আন্তর্জাতিকভাবে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। যেসব গণতান্ত্রিক দেশ আছে, আমরা তাদেরকে অবহিত করব এবং অন্যায়ভাবে বেগম জিয়াকে যে আটক করে রাখা হয়েছে সে বিষয়টা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব বলেন বিএনপির মহাসচিব।

তিনি বলেন, ঈদের আগে বেগম খালেদা জিয়ার জামিনের বিষয়টা এসেছিল। কিন্তু হাইকোর্টে একটা নেতিবাচক আদেশ হওয়ার পর আমাদের ধারণা আরও দৃঢ় হয়েছে যে, বিচার ব্যবস্থা আর স্বাধীনভাবে কাজ করতে পারছে না। সরকার বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে।আদালতে ন্যায় বিচার পাওয়া যাবে না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, আইনিভাবে খালেদা জিয়ার মুক্তি কিছুটা অনিশ্চিত হয়ে পড়ছে। সে কারণে তার মুক্তির আন্দোলনকে বেগবান করার জন্য বিভাগীয় পর্যায়ের সমাবেশ কর্মসূচি অব্যাহত রাখব। যেহেতু আগস্ট মাসে সরকার কোনো কর্মসূচি নিতে দেয় না, সে কারণে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী ১ সেপ্টেম্বর থেকে আবার কর্মসূচি দেব। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরুউদ্দিন সরকার, গয়েশ্বরচন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন