News71.com
 Bangladesh
 18 Aug 19, 06:55 PM
 63           
 0
 18 Aug 19, 06:55 PM

হালদা নদী দূষণের দায়ে এশিয়ান পেপার মিলস বন্ধের নির্দেশ॥

হালদা নদী দূষণের দায়ে এশিয়ান পেপার মিলস বন্ধের নির্দেশ॥

নিউজ ডেস্কঃ বর্জ্য ফেলে হালদা নদী দূষণের দায়ে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নন্দীরহাট এলাকার এশিয়ান পেপার মিলসের উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। রবিবার দুপুরে অধিপ্তরের চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক তার কার্যালয়ে শুনানি শেষে এ সিদ্ধান্ত দেন । তিনি বলেন, শুনানির পর জরুরি ভিত্তিতে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, ত্রুটি সংশোধন করে ইটিপি সার্বক্ষণিক চালু রাখার পদক্ষেপ গ্রহণ ও পরিবেশসম্মত স্লাজ অপসারণের ব্যবস্থা নিতে বলা হয়েছে। এসব ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এশিয়ান পেপার মিলস লিমিটেডের পক্ষে শুনানিতে অংশ নেন চিফ কেমিস্ট মোরশেদ আলম চৌধুরী, জেনারেল ম্যানেজার রঘুনাথ চৌধুরী এবং প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) মো. শফিউল আলম। পরিদর্শনে এশিয়ান পেপার মিল থেকে তরল বর্জে্যর জলাধারের পাড় ধ্বসে ছড়ায় বর্জ্য ছড়িয়ে পড়া, ইটিপি চালু না থাকা এবং বায়োলজিক্যাল প্ল্যান্টের বর্জ্য সংলগ্ন ছড়ায় উন্মুক্ত করার প্রমাণ মেলে। এর আগে বর্জ্য তেল নিঃসরণ করে হালদা দূষণের অভিযোগে গত ১৭ জুলাই ‘ইটিপি নির্মাণ ও অয়েল সেপারেটর কার্যকর না করা পর্যন্ত’ হাটহাজারী ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টটি বন্ধ রাখারও নির্দেশ দিয়েছিল পরিবেশ অধিদপ্তর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন