
নিউজ ডেস্কঃ রিপোর্ট নেয়াকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের ঢামেক জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। রোববার দুপুর সাড়ে ১২টায় ঢামেকের নতুন ভবনের দ্বিতীয় তলার প্যাথলজি বিভাগে এ সংঘর্ষ হয়। দফায় দফায় চলে এ সংঘর্ষ। শেষমেষ সংঘর্ষ থামাতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাইকিং করে শান্ত হতে অনুরোধ করেন ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন। সংঘর্ষ থামলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি বলে জানা গেছে।
রক্তের রিপোর্ট দিতে দেরি হওয়ার কারণে বাকবিতণ্ডার এক পর্যায়ে এ সংঘর্ষ বাঁধে বলে জানিয়েছে ঢামেক সূত্র। ঢামেক জরুরি বিভাগে ডিউটিরত ব্রাদার মো. রাসেলের সঙ্গে বাঁক বিতন্ডার জেরে এই সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. আজিজের ওপরও হামলা হয় বলে অভিযোগ এসেছে। এ ব্যাপারে ডা. আজিজ গনমাধ্যমকে বলেন, ‘আমি তাদের বোঝানোর চেষ্টা করি, একপর্যায়ে তারা আমার ওপর হামলা করে।’ ঘটনার সময় রোগী ও তদের স্বজনদের আতঙ্কে দিগ্বিদিগ ছোটাছুটি করতে দেখা গেছে।