
নিউজ ডেস্কঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মহানন্দা নদীতে এক মণ ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। গত শুক্রবার বিকেলে তেঁতুলিয়া উপজেলার সর্দারপাড়া এলাকা সংলগ্ন মহানন্দা নদীতে একদল পাথর শ্রমিকের জালে মাছটি আটকা পড়ে। স্থানীয়রা জানান, মহানন্দা নদীর পানি কিছুটা কমে যাওয়ায় ১২ থেকে ১৩ জন পাথর শ্রমিক বড় জাল নিয়ে মাছ ধরতে যান। একপর্যায়ে তাদের জালে বিশাল আকৃতির বাঘাইড় মাছ আটকা পড়ে। পরে ওজন মাপা হলে মাছটি ৪২ কেজি হয়। এ বিষয়ে পাথরশ্রমিক বিপ্লব, রেজাউল ও নাদির বলেন, তাঁরা কয়েকজন মিলে নদীতে মাছ ধরতে গেলে ৪২ কেজি ওজনের বাঘাইড় মাছটি আটকা পড়ে। তাঁরা মাছটি বিক্রি না করে নিজেরা ভাগাভাগি করে নেন। এর আগে ওই নদীতে আইড় ও বোয়ালসহ বিভিন্ন মাছ ধরা পড়লেও এই প্রথম বাঘাইড় মাছ ধরা পড়ল বলে তাঁরা জানান।