
নিউজ ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এ মুহূর্তে দেশে সবচেয়ে বেশী ঝুঁকিপূর্ণ জীবনযাপন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর জীবনই এখন বেশি ঝুঁকিপূর্ণ। বঙ্গবন্ধুকে হত্যার পর বারবার তাঁর (প্রধানমন্ত্রীর) জীবনের ওপরই বেশি আঘাত আসছে। বারবার তাঁকে হত্যার ষড়যন্ত্র হয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্যে এ কথা বলেন ওবায়দুল কাদের। আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সবকিছু উপেক্ষা করে পিতা মুজিবের আদর্শ বুকে ধারণ করে তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা অসীম সাহসে এগিয়ে চলেছেন। তিনি দেশকে উন্নতির লক্ষ্য নিয়ে কাজ করে চলেছেন।