
নিউজ ডেস্কঃ ধর্ষণে বাধা পেয়ে কলেজছাত্রী তানজিনা আক্তার রূপাকে (১৭) গলা টিপে হত্যা করেন সৎভাই যুবায়ের আহম্মেদ সম্রাট। তারপর রাজধানীর মতিঝিলের সিটি সেন্টারের ১৪ তলা থেকে রূপাকে নিচে ফেলে দেন তিনি। গত ১০ আগস্ট এই ঘটনার পর দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন সম্রাট।গতকাল শুক্রবার মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এই তথ্য জানিয়েছেন।
গত ১০ আগস্ট বিকেল ৪টার সময় ধর্ষণচেষ্টার পর রাজধানীর মতিঝিলের সিটি সেন্টারের ১৪তলা থেকে রূপাকে নিচে ফেলে দেন সম্রাট। তবে ঘটনার দিন সম্রাট প্রাথমিকভাবে পুলিশকে জানিয়েছিল, ছুটির দিনে সিটি সেন্টারে ঘুরতে এসেছিল রূপা। পরে সম্রাট ও রূপা ৩২ তলার ছাদেও উঠেছিলেন। সেখানে গিয়ে হেলিপ্যাড দেখেন তাঁরা। তারপর ১৪ তলায় নেমে আসেন দুজন। নেমে আসার পর সম্রাট পাশের সিকিউরিটি রুমে যান। সিকিউরিটি রুম থেকে এসে সম্রাট দেখেন সেখানে রূপা নেই। রূপা নিচে পড়ে গেছে। রূপা থাকতেন ঢাকার দক্ষিণ গোড়ানে। আলী আহম্মেদ স্কুল অ্যান্ড কলেজে এইচএসসির শিক্ষার্থী ছিলেন তিনি।