
নিউজ ডেস্কঃ রাজধানীর ধানমন্ডির একটি বাসার ছাদ থেকে পড়ে রিয়া আক্তার (১৩) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ধানমন্ডি ৭/এ নম্বর রোডের ৯১/এম নম্বর বাসার দশ তলা বেয়ে নিচে নামার সময় পড়ে যায় রিয়া। পুলিশ জানিয়েছে, নতুন কাজে যোগদান করায় পরিবারের সাথে ঈদ করতে পারেনি রিয়া। মেলেনি ছুটিও। ফলে ছাদের কোনায় ওড়না পেঁচিয়ে পালাতে গিয়ে নিচে পরে মৃত্যু হয় তার।ধানমন্ডি থানার এসআই পলাশ বিশ্বাস জানান, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মো. রাজুর মেয়ে রিয়া। চলতি মাসের ৪ তারিখ থেকে ধানমন্ডিতে গৃহকর্তা মমিনুল হকের বাসায় কাজ করছিল সে। নতুন কাজে যোগ দেয়ায় এবার পরিবারের সঙ্গে ঈদ করতে পারেনি রিয়া। ফলে মন খারাপ ছিলো তার। মেলেনি ঈদের ছুটিও। এজন্য ওই বাসা থেকে পালানোর পরিকল্পনা করে রিয়া। সে মোতাবেক শুক্রবার ভোরে নিজের একটি ছোট ব্যাংকে জমানো টাকা ও ওড়না নিয়ে ১০ তলা ভবনের ছাদে ওঠে ওই গৃহকর্মী। ছাদের রেলিংয়ের সঙ্গে ওড়না বেধে নামার চেষ্টা করলে নিচে পড়ে মারা যায় সে। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।