
নিউজ ডেস্কঃ ঝিনাইদহের কালীগঞ্জে আয়েশা খাতুন মিম (১৫) নামে এক নববধূর জবাই করা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কাষ্টভাঙ্গা গ্রামের একটি লিচু বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত নববধূ ওই গ্রামের দিন মজুর ইদ্রীস আলীর মেয়ে। তবে নিহতের পরিবার বলছে, মিমের স্বামী তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যেয়ে হত্যা করেছে। জানা যায়, দুই মাস আগে আয়েশা খাতুন মিমের সাথে একই উপজেলার রঘুনাথপুর গ্রামের হাশেম আলীর ছেলে এখলাস উদ্দীনের সাথে বিয়ে হয়। প্রেম করে বিয়ে করায় ছেলের পরিবার বিয়েটি মেনে না নেওয়ায় মিম কাষ্টভাঙ্গা গ্রামে বাবার বাড়িতেই থাকতো।
গতকাল রাত ৮টার দিকে জামাই এখলাস শশুর বাড়ির পাশে এসে মিমকে খবর দেয়। খবর পেয়ে মিম বাড়ি থেকে বেরিয়ে যায়। পরের দিন আজ শুক্রবার দুপুরে কাষ্টভাঙ্গা গ্রামের মাঠের মধ্যে একটি লিচু বাগানে গৃহবধু মিমের গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। ঘটনার পর থেকে তার স্বামী এখলাস পলাতক রয়েছে। তবে মিমের স্বামী এখলাস এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বলেও জানান কালিগন্জ থানার অফিসার ইনচার্জ।