
নিউজ্জ ডেস্কঃ নিজের টাকায় ভাইয়ের নামে ফ্ল্যাট কিনেও শেষরক্ষা হলো না। একই সঙ্গে ভাইকে প্রায় ৭০ লাখ টাকা দিয়েও লুকানো গেল না। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে আটকা পড়েছে এক পুলিশ কর্মকর্তার অবৈধভাবে উপার্জিত এই অর্থসম্পদ। অভিযুক্ত এই পুলিশ কর্মকর্তার নাম মো. রেফায়েত উল্লাহ চৌধুরী। চট্টগ্রামের পটিয়া থানায় ওসি হিসেবে দুই বছর আগে কর্মরত ছিলেন তিনি। স্ত্রীর করা নির্যাতনের মামলায় সাময়িক বরখাস্ত হয়ে বর্তমানে তিনি রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত আছেন।
অবৈধ উপার্জন দিয়ে কেনা ফ্ল্যাটটি ক্রোক করার জন্য আদালতের কাছে আবেদন করেছে দুদক। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এরই মধ্যে ক্রোকের আদেশও দিয়েছেন। অভিযোগের বিষয়ে পুলিশ কর্মকর্তা রেফায়েত উল্লাহ গতকাল বিকেলে বলেন, তাঁর ভাইয়েরা পোলট্রি ব্যবসা করেন। ব্যবসার টাকায় এসব কিনেছেন। নিজের হিসাব নম্বর থেকে চেক দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘ভাইয়ের সঙ্গে ভাইয়ের লেনদেন থাকতে পারে।’ ফ্ল্যাট কেনা ও নগদ অর্থ সবই নিজের বৈধ উপার্জন বলে দাবি করেন রেফায়েত।