
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা আমাদের বাড়িতে যাতায়াত করতো, তারাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে খুন করে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুক্রবার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, যারা এদেশের স্বাধীনতা চায়নি, বাংলা ভাষায় এ দেশের মানুষ কথা বলুক তা চায়নি; তারাই পঁচাত্তর সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে। বঙ্গবন্ধুকে হত্যা করে পঁচাত্তরের পরে স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় এসে দেশকে পেছনের দিকে নিয়ে যায়। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে এ দেশের মানুষ স্বাধীনতা ছিনিয়ে আনে। দেশ স্বাধীনের পর মাত্র সাড়ে তিন বছর সময় পেয়েছিলেন বঙ্গবন্ধু। সেই সাড়ে তিন বছরে প্রায় ধ্বংসস্তুপের সামনে দাঁড়িয়ে তিন কোটি ঘরহীন মানুষের আশ্রয় দিয়েছিলেন।