
নিউজ ডেস্কঃ আগামী বছর নাগাদ বিশ্বের বিভিন্ন দেশে ফাইভজির বাণিজ্যিক প্রচলন শুরু হতে যাচ্ছে। এর অংশ হিসেবে বাংলাদেশেও সেবাটি চালুর উদ্যোগ নেয়া হয়েছে। ফাইভজি চালুর পূর্ণাঙ্গ প্রস্তাবনা ও নীতিমালা তৈরিতে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। প্রস্তাবনা ও নীতিমালা তৈরিতে কমিটিকে ছয় মাস সময় দিয়েছে সংস্থাটি। জানা গেছে, ফাইভজি প্রবর্তনের রূপরেখা, সম্ভাব্য তরঙ্গ, তরঙ্গ মূল্য ও বাস্তবায়নের সময়কালসহ অন্যান্য বিষয় যুক্ত করে একটি পূর্ণাঙ্গ প্রস্তাবনা তৈরি করবে ১৩ সদস্যের এ কমিটি। এছাড়া ফাইভজি সেবার জন্য একটি পূর্ণাঙ্গ নীতিমালা তৈরির দায়িত্বও থাকবে কমিটির ওপর। এসব কার্যক্রম সম্পন্নে কমিটিকে সময় দেয়া হয়েছে আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত।
বিটিআরসি সূত্র জানিয়েছে, বিশ্বব্যাপী ফাইভজি সেবা ২০২০ সালে বাণিজ্যিকভাবে প্রচলন হতে যাচ্ছে, যা ২০৩০ সাল নাগাদ জনপ্রিয়তা পাবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশেও নতুন এ প্রযুক্তি চালুর উদ্যোগ নেয়া হয়েছে। ফাইভজিতে সম্ভাব্য ব্যবহারের জন্য এরই মধ্যে ৩ দশমিক ৫ গিগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে বিটিআরসি। বর্তমানে এ ব্যান্ডটিতে দেশের বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের (আইএসপি) তরঙ্গ বরাদ্দ রয়েছে। আইএসপিগুলোকে পরিকল্পনা তৈরির মাধ্যমে সংশ্লিষ্ট ব্যান্ডের তরঙ্গ ব্যবহার থেকে বিরত থাকতে নির্দেশনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা ।