News71.com
 Bangladesh
 15 Aug 19, 08:10 PM
 133           
 0
 15 Aug 19, 08:10 PM

জাতীয় শোক দিবসে আনুষ্ঠানিক বিবৃতিতে বঙ্গবন্ধুকে স্মরণ করলো জাপা॥

জাতীয় শোক দিবসে আনুষ্ঠানিক বিবৃতিতে বঙ্গবন্ধুকে স্মরণ করলো জাপা॥

নিউজ ডেস্কঃ প্রথমবারের মতো আনুষ্ঠানিক বিবৃতিতে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানালো জাতীয় পার্টি। বঙ্গবন্ধু কোনো নির্দিষ্ট দলের নন মন্তব্য করে দলটির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আগামী বছর থেকে জাতীয় পার্টি আনুষ্ঠানিকভাবে দিনটি পালন করবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেয়া হয় ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে।  এর আগে বাঙালির ইতিহাসের নৃশংসতম দিন ১৯৭৫ সালের ১৫ই আগস্টকে নানা আয়োজনে স্মরণ করে আওয়ামী লীগ এবং সমমনা কয়েকটি দল। কিন্তু বড় দুই রাজনৈতিক দল বিএনপি এবং জাতীয় পার্টি কখনো সেই অর্থে দিনটিকে স্মরণ করেনি। এবারই প্রথম বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে জাতীয় পার্টির পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে শ্রদ্ধা জানানো হয় জাতির জনকের প্রতি। জিএম কাদের বলেন, বঙ্গবন্ধু নির্দিষ্ট কোন দল বা মতের নন। তাই তাঁর প্রতি শ্রদ্ধা জানানো উচিত সব রাজনৈতিক দলের।

 

 

জিএম কাদের আরো জানান, এ বছর সম্ভব না হলেও আগামী বছর থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় শোক দিবস পালন করবে জাতীয় পার্টি। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনাকে সংবিধানে জাতির পিতা হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। সংবিধানে এই সংশোধনী যখন আনা হয়েছে তখন জাতীয় পার্টি সংসদে ছিল এবং এর পক্ষে ভোট দিয়েছে। এজন্য এটা নতুন কিছু নয়। জি এম কাদের বলেন, আমরা ওনাকে জাতির পিতা হিসেবে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে নিয়েছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন