
নিউজ ডেস্কঃ স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকীতে এবার বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করতে পারেননি কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় ৩০মিনিট গেটে দাঁড় করিয়ে নিরাপত্তাকর্মীরা তাকে জানান ভিতরে যাবার অনুমতি তার নেই। কাদের সিদ্দিকীর সহকর্মী হাবিব উন নবী সোহেল এ তথ্য জানান। প্রতি বছর জাতীয় শোক দিবসে একাত্তরের বাঘা সিদ্দিকীখ্যাত কাদেরিয়া বাহিনীর প্রধান ও ৭৫সালে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে সশস্ত্র প্রতিরোধ যুদ্ধের নায়ক কাদের সিদ্দিকী বঙ্গবন্ধু ভবনে গিয়ে আছরের নামাজ পড়েন ও দোয়াদরুদ পড়েন। বঙ্গবন্ধুর কন্যাদের সাথেও তার দেখা হয়। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় তিনি গেলে তাকে গেটে দাঁড় করিয়ে নিরাপত্তারক্ষীরা ৩০মিনিট পর ভিতর থেকে এসে জানান তার ভিতরে যাবার অনুমতি নেই। তিনি তখন তার বাসায় চলে যান। সে সময় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় ছিলেন।