
নিউজ ডেস্কঃ দেশের সমুদ্রবন্দরগুলোকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সাগরে সৃষ্ট লঘুচাপটি এখন ভারতের মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আবহাওয়ার বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপটি পাঞ্জাব, হারিয়ানা, উত্তরপ্রদেশ হয়ে বিহার ও পশ্চিমবঙ্গ অতিক্রম করে বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়ার পুর্বাভাসে আরও বলা হয়েছে- আজ রংপুর, বরিশাল, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।তবে আগামীকাল থেকে আবহাওয়া স্বাভাবিক হতে পারে এবং বাড়তে পারে দিনের তাপমাত্রাও ।