
নিউজ ডেস্কঃ রাজধানীর তেজগাঁও কলোনী বাজার গরুর হাট এলাকা। বেলা পৌনে ১২টায় হাটের হাসিল ঘরের সামনে চোখে পড়ল একটি মানুষের জটলা। জটলার কারণে গাড়ি আটকে সামান্য যানজট সৃষ্টি হয়েছে মূল সড়কে। কাছে গিয়ে দেখা গেল এক ব্যক্তি মিনি ট্রাকের সামনে শুয়ে পড়েছেন। তিনি বার বার বিলাপ করতে করতে বলছেন, ‘গাড়ি আমার ওপরে তুলে দেন। আমি বাঁচতে চাইনা গো। আল্লাহ আল্লাহ। আমারে আপনারা মাইরা ফালান। ও মা গো আল্লাহ রে।’
ওই গরু ব্যবসায়ীর নাম মো. হানিফ শেখ।তার গ্রামের বাড়ি রাজশাহীতে। ধার-দেনা করে কোরবানির হাটে ১৮টি গরু নিয়ে এসেছেন। ইতিমধ্যে ১৬টি গরু ২৮ লাখ টাকায় বিক্রি হয়েছে। নগদ টাকা কাছে রাখা নিরাপদ না। তাই ভেবে ছেলে এবং জামাইয়ের মাধ্যমে টাকাগুলো বাড়িতে পাঠাচ্ছিলেন তিনি।তিনি আরও জানান, আজ রোববার সকাল ৮টার দিকে তার ছেলে এবং জামাইসহ তিনজন হাটের পাশে থেকে একটি সিএনজি নিয়ে গাবতলির দিকে রওনা হন। কিন্তু পথেই ঘটে ছিনতাইয়ের ঘটনা।এ বিষয়ে মোহাম্মাদপুর থানার পরিদর্শক অপারেশ মো. শরিফুল ইসলাম বলেন, ঘটনাস্থল সুনির্দিষ্ট করে বলতে পারছেন না ভিকটিমরা। সে কারণে মোহাম্মাদপুর থানার একটি টিম ও শেরে-ই-বাংলা নগর থানার অপর একটি টিম ঘটনাটি তদন্তে কাজ করছে।