
নিউজ ডেস্কঃ যোগাযোগ ব্যবস্থায় পরিকল্পনার অভাবে ঈদে বাড়ি ফেরা যাত্রীরা মহাসড়কে মহাদুর্ভোগে পড়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো অভিযোগ করেন, সরকারের উদাসীনতা ও জবাবদিহির অভাবে সারা দেশে ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে।
আজ রোববার ঠাকুরগাঁও সদর উপজেলায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মির্জা ফখরুল।এ সময় মহাসড়কে যানজট প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘মূল সমস্যা হলো পরিকল্পনার অভাব। আরেকটি বিষয় হলো, চাঁদাবাজি। এ সময়ে চাঁদাবাজির পরিমাণ এত বেড়ে যায় যে সব গাড়ি-ঘোড়া চলতে পারে না। এ ছাড়া কোরবানির পশু নিয়ে যে ট্রাকগুলো যায়, সেগুলো চাঁদাবাজির শিকার হয়। সব মিলিয়ে এই ব্যাপারটিকে যেভাবে দেখা উচিত, অনেক আগে থেকে পরিকল্পনার মধ্য দিয়ে সেটা করা হয় না দেখেই এ অবস্থার মধ্যে পড়তে হয়।’