
নিউজ ডেস্কঃবিশেষ দিনে কারাবন্দিদের জন্য খাবারের বরাদ্দ ৩০ টাকা থেকে বেড়ে ১৫০ টাকা হয়েছে। যা দেশের সব কারাগারে এই ঈদ থেকেই কার্যকর হচ্ছে। ফলে বন্দিরা এবারের ঈদে পাচ্ছেন নতুন মানের উন্নত খাবার। ঈদ বা বিশেষ দিনগুলোতে কারাগারে থাকা বন্দীদের জন্য বিশেষ খাবার দেয় কারা কর্তৃপক্ষ। কেন্দ্রীয় কারাগার থেকে শুরু করে সারাদেশেই একই নিয়মে এই উন্নত খাবার দেয়া হয়। গত ঈদ পর্যন্ত, সেই খাবারের জন্য মাথাপিছু বরাদ্দ ছিল ৩০ টাকা। কিন্তু, সম্প্রতি সরকারের এক সিদ্ধান্তে বন্দীদের জন্য বিশেষ দিনের খাবারে বাজেট ৩০ টাকা থেকে ১৫০ টাকা নির্ধারণ করেছে সরকার। যা, এবারের ঈদ থেকেই কার্যকর হচ্ছে। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মোস্তফা কামাল পাশা বলেন, 'বিশেষ দিবসগুলোতে তিরিশ টাকার পরিবর্তে এখন একশ পঞ্চাশ টাকা বরাদ্দ করেছেন। এই ঈদুল আযহার মধ্য দিয়েই শুরু হবে এই উন্নতমানের খাবার পরিবেশনের সুযোগ গ্রহণ। খাবারের টাকা যেহেতু পাঁচগুণ বেড়েছে তাই খাবারের মানও যেন তেমনটাই বাড়ে সে বিষয়ে আমরা তদারকি করবো।'