
নিউজ ডেস্কঃ বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলে এরা জনস্বার্থকে তোয়াক্কা করে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে আজ শনিবার বেলা ২টায় রাজধানীতে প্রচারপত্র বিলি করার সময় এ মন্তব্য করেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে হাতিরপুল বাজার, ইস্টার্ন প্লাজা, মোতালেব প্লাজাসহ অন্যান্য স্থানে প্রচারপত্র বিলি করা হয়। এসময় রুহুল কবীর রিজভী বলেন, এই সরকার শুরু থেকে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে ডেঙ্গু পরিস্থিতি এতো ভয়াবহ হতো না। এতো মানুষের প্রাণহানি ও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হতো না। যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও মহামারী রোধে এই জনবিচ্ছিন্ন সরকার সবসময়ই উদাসীন থাকে। বিএনপি সবসময়ই যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও মহামারী সংকট মোকাবেলায় জনগণের পাশে থেকেছে। সরকারকে বলবো-জনগণকে নিয়ে তামাশা বন্ধ করুন। তিনি আরো বলেন, গণতন্ত্র ও দেশের নাগরিকদের গণতান্ত্রিক অধিকারকে হরণের মাধ্যমে ফ্যাসিবাদী শাসন দূর্বার গতিতে চালিয়ে যাওয়ার লক্ষ্যেই আওয়ামী সরকার বেগম খালেদা জিয়াকে পথের কাঁটা ভেবে তাকে মিথ্যা ও সাজানো মামলায় কারারুদ্ধ করে রেখেছে।