
নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে ঈদের ছুটি। এদিন থেকেই নাড়ির টানে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। আজ শনিবার ঈদযাত্রার দ্বিতীয় দিনে শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। সেই সঙ্গে ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ছোট বড় পাঁচ শতাধিক যানবাহন। শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে বর্তমানে ১৭টি ফেরি, সাড়ে ৪ শতাধিক স্পিডবোট, ৮৮টি লঞ্চ দিয়ে পারাপার হচ্ছে ঈদে ঘরমুখো মানুষ। তার পরও আজ ভোর থেকেই ঘাট এলাকায় যাত্রীদের চাপ দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের চাপও দ্বিগুণ বেড়েছে।
বিআইডব্লিউটিএ’র মাওয়া সহকারী পরিচালক শাহাদাত হোসেন বলেন, ‘গত কয়েকদিন বৈরী আবহাওয়ার কারণে লঞ্চ চলাচল বন্ধ থাকায় গতকাল থেকে যাত্রীদের চাপ বৃদ্ধি পেয়েছে। তবে ৮৮টি লঞ্চে যাত্রী পারাপার করা হচ্ছে। ভাড়া ও যাত্রী বেশি নেওয়ার কোনো অভিযোগ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় যাত্রীদের নির্বিঘ্নে পারাপার করতে পারছি। কোনো দুর্ভোগ নেই।’