
নিউজ ডেস্কঃ দরজায় কড়া নাড়ছে কোরবানির ঈদ। আর এই ঈদকে সামনে রেখে আমদানিকারকরা মিয়ানমার থেকে প্রচুর গরু-মহিষ আমদানি করছেন। শুক্রবার একদিনে সাগর ডিঙিয়ে ট্রলারে করে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ করিডোরে প্রায় ৩ হাজার পশু এসেছে। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শাহপরীর দ্বীপ করিডোরে মিয়ানমার থেকে আসা এসব পশুর ট্রলার খালাস করে পশুগুলো মাঠে রাখা হয়েছে।ছোট-বড় ১৫টি ট্রলারে মিয়ানমার থেকে প্রায় ২ হাজার ৯৬৪টি পশু আমদানি করেন মোহাম্মদ সোহেল, মোহাম্মদ শহিদ, আবু সৈয়দ, আবুল কাশেমসহ আরো কয়েকজন। এর মধ্যে ২ হাজার ৬২৮ গরু, বাকিগুলো মহিষ।এর আগে সরকারের নির্দেশে ৬ আগস্ট রাতে মিয়ানমার থেকে পশু আমদানি বন্ধ হয়ে যায়। পরের দিন সকালে আবার মিয়ানমারের পশু আমদানিতে বাঁধা নেই বলে ঘোষণা দেয় উপজেলা প্রশাসন। এছাড়া গত কয়েকদিন সাগর উত্তালের কারণে মিয়ানমার থেকে কোনো পশু আসেনি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী মিয়ানমার থেকে পশু আমদানির নিষেধাজ্ঞাতা তুলে নেওয়া হয়েছে। পশু সরবরাহের ক্ষেত্রে পথে যেন কোনো রকম চাঁদাবাজি না হয়, তা নজরে রাখা হচ্ছে। পাশাপাশি গরুর গাড়িতে করে অস্ত্র ও মাদক যাতে কেউ বহন করতে না পারে, সে দিকটি বিবেচনা করে আইনশৃঙ্খলাবাহিনী সতর্ক রয়েছে বলেও জানান তিনি।