
নিউজ ডেস্কঃ বেশ কিছুদিন আলোচনা ও গুঞ্জনের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তির ইস্যুটি চাপা পড়ে গেছে। ফলে বিএনপির ভেতরে ও বাইরে প্রশ্ন উঠেছে, এবারও কী খালেদার মুক্তির বিষয়টি সঠিকভাবে হ্যান্ডল করতে বিএনপি ব্যর্থ হয়েছে? নাকি তারা সরকারের ফাঁদে পা দিয়েছে। কারণ কারামুক্তির আলোচনার মধ্যেই বিএনপির সংসদে যোগদানের ইস্যুটি গত এপ্রিলে সামনে এসেছে। ওই সময় সরকারি দল এবং বিএনপি নেতাদের বক্তব্যের সূত্র ধরে জনমনে এমন ধারণা জন্মে যে, সংসদে যোগদানের সঙ্গে খালেদা জিয়ার কারামুক্তির যোগসূত্র রয়েছে। অথচ গত ২৯ এপ্রিল বিএনপি সংসদে যোগদান করলেও খালেদা জিয়ার কারামুক্তি এখনো ঘটেনি। বিষয়টি নিয়ে এখন তেমন আলোচনাও নেই।
এর কারণ জানতে চাইলে শত নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ বলেন, ‘বিএনপির পক্ষে সরকারের সঙ্গে ‘ডিল’টি হয়তো ঠিকমতো করা হয়নি। আলোচনা বা সমঝোতা যেটিই হোক, সুনির্দিষ্টভাবে করা উচিত ছিল।গত মঙ্গলবার তিনি বলেন, ‘হয়তো সেখানে কিছু ফাঁকফোকড় ছিল বলেই এখনো ফলাফল পাওয়া যায়নি। গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী মনে করেন, ‘বিএনপি এবারেও বিষয়টি হ্যান্ডল করতে পারেনি বলেই খালেদা জিয়ার কারামুক্তির ইস্যুটি চাপা পড়ে গেছে।