News71.com
 Bangladesh
 22 May 19, 07:02 PM
 144           
 0
 22 May 19, 07:02 PM

বর্তমান সরকার জনগনকে অবজ্ঞা করছে॥ড. কামাল হোসেন

বর্তমান সরকার জনগনকে অবজ্ঞা করছে॥ড. কামাল হোসেন

নিউজ ডেস্কঃ সরকারের সমালোচনা করে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, এ সরকার যা যা করবে বলে ঘোষণা দিয়েছিল তা তারা মানেনি, মানছেও না। এরা কি করে বলে তারা পাঁচ বছরের জন্য ক্ষমতা পেয়ে গেছে? এসব বলে সরকার মানুষকে অবজ্ঞা করছে। আজ বুধবার গণফোরামের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে দলের প্রধান এসব কথা বলেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যাপক ড. আবু সাইয়িদ। ড. কামাল হোসেন বলেন, তারা ধান উৎপাদনের সময় বড় বড় কথা বলে, কিন্তু উৎপাদনের পরে সরকারের কি করণীয় তা করে না। ধান উৎপাদনের জন্য কৃষককে এ ধরণের শাস্তি ভোগ করতে হবে তা কল্পনাই করা যায় না। এধরণের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কারণ সরকারের কৃষি নীতি নেই। তিনি বলেন, এটা যে ধান ক্রয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে, তা নয়। সব ক্ষেত্রেই সরকারের একটা দায়িত্বহীনতা লক্ষ করা গেছে। কোনো কিছুতেই এ সরকারের দায়িত্ববোধ নেই। কৃষকের ধান কেনাসহ নাগরিকের ব্যাপারেও সরকারের দায়িত্বহীনতা স্পষ্ট। এ জন্য সরকার যেনতেনভাবে ক্ষমতার অপব্যবহার করছে। দেশে যদি এ ধরনের একটি অগণতান্ত্রিক সরকার থাকে, তার কাছ থেকে কিছু আশা করতে পারি না। কৃষকের ধানের ন্যায্যমূল্যের দাবি ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে এই নেতা বলেন, একটি অনির্বাচিত সরকারকে এভাবে গ্রহণ করায় সব মানুষকে মূল্য দিতে হচ্ছে। এ জন্য দরকার দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা।

ড. কামাল বলেন, আমাদের দুর্ভাগ্য, এমন সরকারকে ক্ষমতায় দেখতে হচ্ছে, সইতে হচ্ছে। তাই দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে জাতিকে এগিয়ে নেওয়া। দেশের মানুষকে অবশ্যই ঐকবদ্ধ হতে হবে। সরকারে এসব ব্যর্থতাকে সামনে নিয়ে তারা ঐক্যবদ্ধ হবে। গণতন্ত্রের জন্য তারা শক্তি প্রয়োগ করে গণতন্ত্র ফিরিয়ে আনবে। কারণ গণতন্ত্র ও জবাবদিহি না থাকায় অসাধারণ মূল্য দিতে হচ্ছে আমাদের। তাই আসুন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করি। এতে একটা জবাবদিহিমূলক সরকার হবে। অবাধ নির্বাচনের মধ্য দিয়ে একটি প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করি।

এসময় লিখিত বক্তব্যে অধ্যাপক ড. আবু সাইয়িদ বলেন, সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন। তাদের ওপর আস্থা ও বিশ্বাস নেই। কেননা জনগণের অধিকার যারা হরণ করেছে, তারা জনগণের ওপর আস্থা রাখবে কীভাবে? সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বলেন, এ সরকার কৃষকের প্রতি সহানুভূতিশীল নয়। তারা ঋণখেলাপি বা শেয়ার ম্যানিপুলেটকারীদের সাহায্য-সহযোগিতায় এগিয়ে এলেও কৃষকের সাহায্যে একেবারেই নীরব। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, অ্যাডভোকেট মহসিন রশিদ, মেসবাহ উদ্দীন আহমেদ, মোশতাক আহমেদ, খান সিদ্দিকুর রহমান, ফরিদা ইয়াছমীন, মাহমুদ উল্লাহ মধু প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন