
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারন সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতে ইলেকশন হচ্ছে, একটু আলাপ-আলোচনা হয়েছে। ভারতের জনগণ যে দল বা জোটকে নির্বাচিত করবে, তাদের সঙ্গেই আমাদের সম্পর্ক থাকবে। সরকার টু সরকার, পিপল টু পিপল যে যোগাযোগ ও সম্পর্ক আছে, যে জোট ও যে দলই আসুক না কেন জনগণের নির্বাচিত সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক অব্যাহত থাকবে।আজ বুধবার সচিবালয়ে নিজ দফতরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই কথা বলেন ওবায়দুল কাদের। এর আগে তিনি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাসের সঙ্গে বৈঠক করেন।
তিনি বলেন, ভারতের নির্বাচনে দেশটির জনগণ যে দল বা জোটকে নির্বাচিত করবে তাদের সঙ্গেই আমাদের সম্পর্ক থাকবে। ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকের বিষয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ভারতীয় ঋণে অনেকগুলো প্রজেক্ট চলমান রয়েছে। আবার নতুন নতুন প্রজেক্টও আমরা হাতে নিচ্ছি। কানেক্টিটিভির নতুন নতুন দুয়ার উন্মোচিত হবে। ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের পর অমীমাংসিত সমস্যাগুলো আলোচনায় আসবে এবং সমাধানের ব্যাপারে ভারত সরকারের সহযোগিতা আশা করি অব্যাহত থাকবে।