
নিউজ ডেস্কঃ মন্ত্রণালয়, বিভাগ এবং সরকারি সংস্থাগুলোর বিদ্যুৎ, গ্যাস ও তেলের বকেয়া বিল দ্রুত পরিশোধ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। শেরেবাংলা নগরের এনইসি সভাকক্ষে অনুষ্ঠিত সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন। পরিকল্পনামন্ত্রী জানান, যেসব প্রতিষ্ঠান ভূমি কর দিচ্ছে না তাদেরও দ্রুত কর পরিশোধ করতে বলেছেন প্রধানমন্ত্রী। অনেক মন্ত্রণালয় ও বিভাগের কাছে এসব বিল দীর্ঘদিন ধরে আটকে থাকে। এটা স্বচ্ছতার প্রশ্ন। বকেয়া বিল দ্রুত দিয়ে দেওয়া উচিত। প্রধানমন্ত্রী বকেয়া আদায়ে আগামী সাত দিনের মধ্যে নোটিশ জারির নির্দেশনাও দিয়েছেন। এম এ মান্নান আরও জানান, জ্বালানি তেল আমদানি বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মধ্যে তৈরি হওয়া জটিলতা দূর করতে বলেছেন প্রধানমন্ত্রী। জটিলতা নিরসনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে সরকারি বিনিয়োগের কারণে বেসরকারি বিনিয়োগের সুযোগ যাতে সংকুচিত না হয়ে যায়, সে বিষয়ে খেয়াল রাখারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।