News71.com
 Bangladesh
 21 May 19, 09:41 PM
 161           
 0
 21 May 19, 09:41 PM

কৃষি যান্ত্রিকীকরণে ভূর্তকী দেওয়া হবে ৩ হাজার কোটি টাকা॥কৃষিমন্ত্রী

কৃষি যান্ত্রিকীকরণে ভূর্তকী দেওয়া হবে ৩ হাজার কোটি টাকা॥কৃষিমন্ত্রী

নিউজ ডেস্কঃ কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ধান কাটা ও লাগানোসহ কৃষি কাজে শ্রমিক পাওয়া এখন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর একমাত্র সমাধান কৃষি যান্ত্রিকীকরণ। আমরা যান্ত্রিকীকরণ শুরু করেছি এবং অচিরেই শতভাগ যান্ত্রিকীকরণ সম্পন্ন করবো। কৃষিতে ৯ হাজার কোটি টাকা প্রতি বছর ভর্তুকির থেকে ৩ হাজার কোটি টাকা যান্ত্রিকীকরণে ব্যয় করা হবে। আজ মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) অডিটোরিয়ামে সার সুপারিশমালা হাতবই-২০১৮ এর মোড়ক উন্মোচন এবং দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বক্তৃতায় তিনি এসব কথা বলেন। কৃষিমন্ত্রী ড. রাজ্জাক বলেন, ডিলারদের জরুরি ভিত্তিতে ধান কেনার কথা বলা হয়েছে। সরকার ১২ লাখ টন ধান ও ২ লাখ টন চাল দ্রুত কিনবে। আমাদের ৩ কোটি ৫০ লাখ টন চাল উৎপাদনের বিপরীতে ১০-১২ লাখ টন কিনলে বাজারে খুব বেশি প্রভাব পড়বে না। তবে সীমিত পর্যায়ে রপ্তানিরও উদ্যোগ নেয়া হচ্ছে।

কৃষিমন্ত্রী বলেন, ১৯৪৭ সাল থেকে সব সরকার খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের কথা বলেছে, কিন্তু কেউ পারেনি। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে। নতুন নতুন ফসলের জাত উদ্ভাবন ও আধুনিক কৃষির মাধ্যমে। যে নেত্রী খাদ্য ঘাটতির দেশকে খাদ্যে উদ্বৃত্ত করতে পারে, সে নেত্রী কৃষকদের মুখে হাসি ফুটাতেও পারবে। কৃষকদের কল্যাণে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। তিনি আরও বলেন, সারের ব্যবহার অনেক কৃষক পরিমিতভাবে করেন না। অনেক সময় বেশি, আবার অনেক সময় কম ব্যবহার করে থাকেন। এজন্য সচেতনতা দরকার এবং কৃষকদের প্রশিক্ষিত করা দরকার। কৃষির সকল ক্ষেত্রে আমরা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি। এখন সারা বছর ধরে ফসল হচ্ছে। এ ফসল উৎপাদন অব্যাহত রাখার জন্য সার সুপারিশমালা হাতবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন