
নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, কেরানীগঞ্জে আদালত স্থাপন সম্পূর্ণ অসাংবিধানিক। আমরা মনে করি, সংবিধানে যে মৌলিক অধিকার একজন নাগরিককে দেয়া হয়েছে তা লঙ্ঘন করা হয়েছে। খুব শিগগিরই সুপ্রিম কোর্টে এই কেরানীগঞ্জে আদালত স্থাপনার বৈধ্যতা নিয়ে আমরা চ্যালেঞ্জ করব। এটা করতেই থাকব। কারণ আমাদের অন্য কোনো উপায় নাই। আমরা লড়ে যাব। আদালতেও লড়ব, রাজপথেও লড়ব। আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা, নিঃশর্ত মুক্তি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি)।
কর্মসুচিতে অংশ নিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, এই পেশাজীবী ভাইদের বলি সুদান থেকে শিক্ষা নিন। যেদিন খালেদা জিয়া জেলে গেল সেদিন ঢাকা শহরের দৃশ্য আপনাদের মনে আছে। হাজার হাজার তরুণ-যুবক মানুষ মিছিল করে তার গাড়ির বহরে এক এক করে ওই আদালত পর্যন্ত নিয়ে গেছে। ওই মানুষ চাই, রাজপথে চাই। প্রতিবাদী মানুষ চাই। তিনি বলেন, যদি কেউ মনে করেন একটু চুপচাপ থাকলাম, সরকারের সঙ্গে একটু কথা-বার্তা বলি। ডাকাতির নির্বাচনকে এক রকম করে মেনে নেয়ার কায়দা করব, ওই সংসদে মধ্যে যাব, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা-বার্তা বলব। দেখি উনি একটু নরম হয় কিনা, তার একটু দয়া হয় কিনা এবং উনি বেগম জিয়ার মুক্তির ব্যাপারে চিন্তা করেন কিনা। সেগুলো সব ভুল চিন্তা। প্রমাণ হয়েছে যখন সংসদে যোগ দিয়েছিলেন তখন সারা দেশের মানুষ মনে করেছিলেন হয়ত এর বদলে খালেদা জিয়া মুক্ত হবেন। কিন্তু তিনি মুক্ত হননি।
সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক শওকত মাহমুদ বলেন, বক্তব্য একটাই আমরা খালেদা জিয়ার মুক্তি চাই। মুক্তি যতদিন না দেবেন আমরা বার বার রাস্তায় দাঁড়াব। আমরা বার বার রাজপথে নামব এবং দেশনেত্রীর মুক্তির আন্দোলন একদিন সরকার পতনের আন্দোলনে পরিণত হয়ে যাবে। আয়োজক সংগঠনের সদস্য সচিব অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের পরিচালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন- সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাংবাদিক রুহুল আমিন গাজী, কাদের গনি চৌধুরী, শহীদুল ইসলাম, চিকিৎসক অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদ, শিক্ষাবিদ অধ্যাপক শামসুল আলম, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, শিক্ষক-কর্মচারি ঐক্যজোটের অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, অ্যাডভোকেটে জয়নাল আবেদীন মেজবাহ, অ্যাডভোকেট শিরিন সুলতানা, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের রফিকুল ইসলাম, বিএনপির সাখাওয়াত হাসান জীবন, সাদেক আহমেদ খান, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা প্রমুখ।