News71.com
 Bangladesh
 20 May 19, 09:08 PM
 168           
 0
 20 May 19, 09:08 PM

ফখরুল সংসদে থাকলে বিরোধীদল আরো শক্তিশালী হতো॥সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

ফখরুল সংসদে থাকলে বিরোধীদল আরো শক্তিশালী হতো॥সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সংসদে থাকলে বিরোধী দলের অবস্থা আরো শক্তিশালী হতো। বিরোধীদল হিসেবে তাদের পারপাস সার্ভ করার জন্য তার যোগদান আবশ্যক ছিল। আজ সোমবার দুপুরে রাজধানীর বনানীর সেতুভবনে পদ্মা সেতুসহ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বিএনপির প্রতি ইংগিত করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি কি করবে, সেটা তাদের সিদ্ধান্তের বিষয়। তবে তারা সংসদে যোগ দিয়ে শুভ বুদ্ধির পরিচয় দিয়েছে। অংশগ্রহণ সংখ্যার দিক থেকে নয়, হেভিওয়েটের দিক থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিরোধীদলের হয়ে শক্তিশালী ম্যাসেজ দিতে পারতেন।

তিনি বলেন, তারা যদি সংসদের বাইরেও কথা বলেন, তাতে সরকারী দলও উপকৃত হবে। বিএনপি যদি রাজপথে আন্দোলন করে তাহলে রাজনৈতিকভাবে তা মোকাবেলা করা হবে। তবে আন্দোলনের নামে তারা যদি সহিংসতা, জ্বালাও-পোড়াও, ভাংচুর, নৈরাজ্য সৃষ্টি করে তাহলে জনগণের নিরাপত্তার জন্য উদ্ভূত পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যা যা করার দরকার তা করবে। সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে দুই মাস ১১ দিন পর দেশে ফিরে আবার কাজে যোগদান সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কাজের উৎসাহ বেড়েছে। কমিটমেন্টও আরো গভীর হয়েছে। মানুষের ভোগান্তি লাঘবে দায়িত্ব পালনের তাগিদ নতুনভাবে পেলাম। একজন রাজনীতিবিদের জীবনে মানুষের ভালোবাসার চেয়ে বড় কিছু নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন