
নিউজ ডেস্কঃ বিমানের কার্গো গুদামে বিপজ্জনক মালামাল থাকার খবর এসেছে। এই বিপজ্জনক মালামালের মালিকেরও কোনো খবর পাওয়া যাচ্ছে না। এমনকি মালামালের কোনো লেবেল বা পরিচিতিরও কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। এই বিপজ্জনক মালামাল ধ্বংস করার জন্য অতিরিক্ত কমিশনারের সভাপতিত্বে নয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বশীল থাকা এক কর্মকর্তা এই তথ্য স্বীকার করে জানান, এ বিষয়টি উদঘাটন হয় একটি সভায়। যে সভাটি ছিল মূলত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বৃদ্ধি সংক্রান্ত। তবে সংশ্লিষ্ট কর্মকর্তা এর বেশি আর কিছু বলতে অস্বীকার করেন।
অন্যদিকে অন্য এক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, কার্গো গুদামে গত ২৯ এপ্রিল পর্যন্ত ৫৩.৫৫ টন মালামাল এবং ৬৪৬ কেজি বিপজ্জনক মালামালের যৌথ গণনা করা হয়। বিমানের কাছে ডেলিভারি হয়নি এমন ৩৫ টন গার্মেন্টস মালামাল রয়েছে। তবে এই মালামালের কার্টুনে কোনো লেবেল নেই বলে জানা যায়। বিপজ্জনক মালামাল ধ্বংস করার জন্য যে কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি ইতোমধ্যে ১৩ কেজি রেডিও অ্যাক্টিভ সামগ্রী পরমাণু শক্তি কমিশনে পাঠিয়েছে। তবে পরিবেশ অধিদফতরের প্রতিনিধি এই সভায় জানান, কিছু ফার্মাসিউটিক্যালের লেবেলযুক্ত মালামালের মধ্যে ফিনিশড প্রোডাক্ট ও অ্যাসিড রয়েছে। কার্গো গুদামে রাখা বিপজ্জনক মালামাল দেখার জন্য কাস্টম মহাপরিচালক সরেজমিন পরিদর্শন করেছেন বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ । বিমানের গুদামে পাওয়া বিপজ্জনক মালামাল গুলো দ্রুত ধ্বংস করা হবে বলে জানান তিনি।