
নিউজ ডেস্কঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতি বন্ধ হবে না। তবে সবাই আন্তরিক হলে দুনীতি কমিয়ে আনা সম্ভব। একটি জেলার ডিসি-এসপি যদি ভালো হন তাহলে সেখানে দুর্নীতি কমে আসবে। আজ রোববার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ের কর্মকতাদের সঙ্গে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সভায় তিনি এসব কথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন, আমরা সবাই জানি দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। অর্থনীতি যতো এগিয়ে যাবে, দুর্নীতিও পিছু নেবে। কারণ, দুর্নীতি হচ্ছে উন্নয়নের ভাই-বোন। এটা হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থার সংজ্ঞা।
দুদক চেয়ারম্যান কমিশনের কার্যক্রম সম্পর্কে বলেন, অনেক মামলা হয়েছে,অনেক আটক হয়েছে, অনেককে ডাকা হয়েছে। আমরা কাজ করে দেখিয়েছি। সমাজে একটি বার্তা দেয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা এমনটা চাই না। আমরা মামলা করতে চাই না। কারণ, মামলার যে কি পরিণতি তা আমরা জানি। তিনি দুর্নীতি দমন কমিশন সম্পর্কে বলেন, সারাদেশে আমাদের এতো অফিসের দরকার নেই। আমি চাই, এই অফিস যতটা কমবে ততই ভালো। এ প্রসঙ্গে তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, এখনো আমার কমিশনে অনেক দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী রয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ আসে। আর অফিস বাড়ালে অভিযোগ আরও বাড়তে পারে। তবে এখনো ১৬টি অফিস নতুন করে করার প্রস্তাব রয়েছে। ভেবে-চিন্তে সেগুলো করা হবে।