
নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঈদে পেশাদার চালক ছাড়া অন্য কাউকে গাড়ি চালাতে দেওয়া হবে না। গাড়ির গতিবিধি সন্দেহজনক হলে তা থামিয়ে লাইসেন্স পরীক্ষা করা হবে পুলিশ। আজ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকাসহ দেশের জেলা শহরগুলোতে ব্লক রেইড দেওয়া হবে। ঢাকায় প্রবেশ ও বের হওয়ার পথে চেকপোস্ট বসানো হবে। মহাসড়কে অপেশাদার কেউ যেন গাড়ি চালাতে না পারে সেজন্য পুলিশি টহলে থাকবে।
তিনি বলেন, লঞ্চ, বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ ফেলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ঘরমুখো যাত্রীদের চলাচলের সুবিধার্থে বিশেষ রেলের পাশাপাশি, বিআরটিসি’র বিশেষ বাসও চলবে। এছাড়া যানজট নিরসনে গার্মেন্টস কারখানায় পর্যায়ক্রমে ছুটি থাকবে। শ্রমিকদের বেতন-বোনাস যথাসময়ে দিতে হবে। বৈঠকে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।