
নিউজ ডেস্কঃ সরকারের বিভিন্ন সেবাদানকারী সংস্থাসহ মন্ত্রণালয় ও বিভাগগুলোর রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির খবর যখন গণমাধ্যমে অহরহ প্রকাশ পাচ্ছে, তখন দুর্নীতির বিরুদ্ধে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে পরিকল্পনা মন্ত্রণালয়। হাজারো কর্মকর্তার মধ্য থেকে দুর্নীতিমুক্ত কর্মকর্তা-কর্মচারীর সন্ধানে নেমেছে মন্ত্রণালয়। পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন পরিকল্পনা কমিশন ও পরিকল্পনা বিভাগের মধ্যে কোনো দুর্নীতিমুক্ত কর্মকর্তা-কর্মচারী পাওয়া গেলে তাঁকে পুরস্কৃত করা হবে। কোনো অনিয়ম ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ততা নেই এমন সৎ কর্মকর্তা-কর্মচারী খুঁজতে এরই মধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি কাজও শুরু করেছে। আসছে জুলাইয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সৎ ও নির্লোভ কর্মকর্তা-কর্মচারীর হাতে পুরস্কার তুলে দেবেন এমন সিদ্ধান্ত হয়েছে। জানতে চাইলে পরিকল্পনা বিভাগের সচিব নূরুল আমিন বলেন, ‘মন্ত্রণালয় ও বিভাগগুলোতে দুর্নীতি বন্ধে সরকারের উচ্চপর্যায় থেকে নির্দেশনা রয়েছে। তারই আলোকে আমরা সৎ কর্মকর্তার খোঁজে নেমেছি। দুর্নীতিমুক্ত কর্মকর্তা-কর্মচারী মিললে আমরা তাঁদের জন্য পুরস্কারের ব্যবস্থা করব। আমরা যতজনকেই পাব, সবাইকে পুরস্কৃত করা হবে।’