
নিউজ ডেস্কঃ কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের জের ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগের পদবঞ্চিত নেতাদের আবারও মারধর করা হয়েছে। গতকাল শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অভ্যন্তরে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন করছেন ছাত্রলীগের আন্দোলনকারীরা। তারা অভিযোগ করেন, রোকেয়া হল ছাত্রলীগ সভাপতি বিএম লিপি আক্তার, সুফিয়া কামাল হলের সাধারণ সম্পাদক সারজিয়া শারমিন চম্পা ও কেন্দ্রীয় সংসদের উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তিলোত্তমা শিকদারকে কথা কাটাকাটির এ পর্যায়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী মারধর করেন। পদবঞ্চিত নেতারা জানান, কমিটি গঠনের জেরে সৃষ্ট সমস্যা সমাধানের জন্য সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে টিএসসিতে আলোচনায় বসেছিলেন তাঁরা। সেখানে সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী প্রত্যাশিত পদ না পাওয়া নতুন কমিটির সংস্কৃতিবিষয়ক উপসম্পাদক লিপি আক্তারকে আপত্তিকর কথা বললে তিনি প্রতিবাদ জানান। এর জেরে সেখানে উপস্থিত গোলাম রাব্বানীর কর্মীরা লিপিসহ পদবঞ্চিত কয়েকজনকে মারধর করেন।
জানা যায়, নতুন কমিটির সংস্কৃতিবিষয়ক উপসম্পাদক নিপু ইসলাম তন্বী, তিলোত্তমা শিকদার, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদা পারভীন ও সাধারণ সম্পাদক শ্রাবণী শায়লা, শামসুন নাহার হল শাখার সাধারণ সম্পাদক জিয়াসমিন শান্তা, সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক উপসম্পাদক এমদাদ হোসেন সোহাগ, সাবেক কেন্দ্রীয় সহসম্পাদক আজমীর শেখ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক শেখ আব্দুল্লাহসহ কয়েকজন মারধরের শিকার হয়েছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন রহমান বলেন, ‘আমাদের সঙ্গে তারা বসেছিলেন। কথা কাটাকাটির এক পর্যায়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাব্বানী ভাই ছাত্রলীগের নারী নেত্রীদের গায়ে হাত তুলেন। আমরা এর নিন্দা জানাই। তিনি আরও বলেন, আমরা এখন রাজুতে (রাজু ভাস্কর্য) অবস্থান নিয়েছি। আমরা এ ঘটনার বিচার চাই।